নওগাঁর সাপাহার উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের দুর্যোগকবলিত মোট ৭২০টি পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহমুদুল হক (টিটু)। এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ জনপদের দুস্থ পরিবারগুলোর জরুরি খাদ্য সংকট দূর করতেই সরকারের এই তাৎক্ষণিক উদ্যোগ।
বিতরণকালে ইউএনও রোমানা রিয়াজ বলেন, "সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সে জন্য প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারি এই সহায়তা ধারা অব্যাহত থাকবে।"
এদিকে দুর্যোগের মুহূর্তে সরকারি এই খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও এ ধরনের মানবিক উদ্যোগ চালু রাখার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









