মানিকগঞ্জের শিবালয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২৯ জুন) ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে শিবালয় উপজেলার ধুতরাবাড়ী এলাকার ৪ নম্বর ফেরিঘাটে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি পিকআপ থামিয়ে তল্লাশির চেষ্টা করলে সেটি পালানোর উদ্দেশ্যে পুলিশি মাইক্রোবাসসহ সড়কে থাকা কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। পরে ফেরিতে ওঠার চেষ্টা করলে পল্টুনের ওপর গাড়িটি আটকে যায়। এ সময় পিকআপে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। এ সময় চক্রটির আরও দুই থেকে তিন সদস্য পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের আবুল হোসেন (৪০),গাজীপুরের এরশাদ ওরফে এরশাদুল (৪৩), রাজবাড়ীর হামিদুল বিশ্বাস (৩৭), ঝিনাইদহের আবুল কালাম (২৬) এবং নওগাঁর শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১)। তাঁদের মধ্যে কয়েকজন বর্তমানে গাজীপুর ও আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে একত্রিত হওয়ার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের ড্রাইভারের আসনের নিচ থেকে চারটি রামদা, দুটি কাটার, একটি হাসুয়া এবং পিকআপটি জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ আরো জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবুল হোসেনের বিরুদ্ধে দুটি এবং এরশাদ, হামিদুল বিশ্বাস ও আবুল কালামের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









