ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ রাজা হাসান রাজু (২৯) ও রাফায়েল হাসান হৃদয় (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা সম্পর্কে আপন মামা-ভাগ্নে।
সোমবার (২৯ জুন) সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী পাকা সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার রাজা হাসান রাজু বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে এবং রাফায়েল হাসান হৃদয় ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় রাজা হাসানের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেন, ‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ইয়াবা ট্যাবলেটের অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









