সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিলেটকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২৯ জুন) সিলেট নগরভবনে সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়নে অংশীজনের মতামত গ্রহণ বিষয়ক এক কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সিলেট নগরকে ঘিরে সিটি কর্পোরেশনের প্রশাসক এবং আমার অনেক পরিকল্পনা রয়েছে। আমরা ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। নগরবাসীর হাঁটাচলা, বিনোদন ও সুস্থ জীবনযাপনের জন্য পর্যাপ্ত পার্ক ও উন্মুক্ত স্থান সৃষ্টির বিষয়টিও আমাদের পরিকল্পনায় রয়েছে।
সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি সুন্দর, টেকসই ও আধুনিক নগর গড়তে হলে সর্বাগ্রে প্রয়োজন সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনা। সে লক্ষ্যেই এই সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নগরীর পরিকল্পিত সম্প্রসারণ ও পরিবেশ সংরক্ষণ করা যাবে। জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন সম্ভব হবে। একইসাথে আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার কার্যকর দিকনির্দেশনা পাওয়া যাবে।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, শিক্ষাবিদ, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা ভূমি ব্যবহার, আবাসন, পরিবেশ সংরক্ষণ, জনসেবা সম্প্রসারণ এবং টেকসই নগরায়ণ বিষয়ে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।
বক্তারা উল্লেখ করেন, একটি কার্যকর ও বাস্তবমুখী মাস্টারপ্ল্যান প্রণয়নে অংশীজনের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। কর্মশালায় জানানো হয়, প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে মহাপরিকল্পনার খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর।
প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস এবং নগর পরিকল্পনাবিদ মো. তানভীর আহমদ মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









