গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুলালী বেগম (৪০) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে পালানোর সময় স্বামী বিরাজ আলীকে (৫৫) আটক করে পুলিশের সোর্পদ করেছে এলাকাবাসী।
সোমবার (২৯ জুন) বিকালে ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক বিরাজ আলী উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে এবং নিহত দুলালী বেগম উপজেলার রামনাথপুর এলাকার দুদু মিয়ার মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ১৮ বছর আগে যৌতুকের দাবীতে বিরাজ আলী তার শ্বাশুড়ি সেলিনা বেগমকে হত্যা করে। ২০০৭ সালে শ্বাশুড়িকে হত্যার দায়ে দীর্ঘদিন কারাগারে থাকার পর দুলালী বেগম তাকে জামিনে বের করে আনে। সেই মামলাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে সবসময় দাম্পত্য কলহ লেগেই থাকত। সম্প্রতি হত্যাকান্ডের মামলাটি তুলে নিতে এবং টাকার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে। কয়েকদিন আগে দুলালী বেগমকে তার স্বামী মারধর করলে সে পালিয়ে নানা বাড়িতে চলে যায়। আজ বিকালে স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে বাড়ি ফেরার সময় গোসাইপুর এলাকায় তারা তর্কে জড়িয়ে পড়ার একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে দুলালীর বুকে আঘাত করে।
তখন পরিস্থিতি বেগতিক দেখে বিরাজ আলী পালিয়ে একটি পাটক্ষেত আত্নগোপনের চেষ্টা করলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। পরে দুলালী বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, স্থানীয়দের সহায়তায় ঘাতক স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









