সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অবসরপ্রাপ্ত চার প্রবীণ শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেছে ‘জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকেরা হলেন— জৈন্তা দারুছ ছুন্না জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা উসমান গণি, মদিনাতুল উলুম খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান, আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং লামনীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মি. প্রদীপ লানং।
গতকাল সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক সাংবাদিক আব্দুল হালিমের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সদস্য হাফিজ মাওলানা রফিকুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান কবীর খান, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার ও জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য সচিব ক্লেমেন্ট চিশিম বর্ষা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "একজন শিক্ষক কখনো অবসর নেন না, তিনি আজীবন সমাজ গঠনের কারিগর হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। শিক্ষা বিস্তারে, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এবং আলোকিত প্রজন্ম গঠনে প্রবীণ শিক্ষকদের অবদান অনস্বীকার্য।" বক্তারা প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন এবং তাঁদের দেখানো পথ অনুসরণ করে আগামীর শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।
সম্মাননাপ্রাপ্ত ৪ জন শিক্ষকের মধ্যে খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। বাকি ৩ জন প্রবীণ শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









