ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার আটটি ইউনিয়ন নিয়ে নতুন ‘আদর্শনগর উপজেলা’ গঠনের সরকারি সিদ্ধান্তের খবরে এলাকাবাসী আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করছেন।
মঙ্গলবার ( ৩০ জুন) দুপুরে উপজেলার কান্দিপাড়া বাজারে কয়েক হাজার লোকের অংশগ্রহণে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মানুষ, বিএনপি দলীয় নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীদের অংশগ্রহণে আনন্দ মিছিলটি কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় হয়ে কান্দিপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
গফরগাঁও উপজেলার দক্ষিণাঞ্চল নিয়ে পাগলা থানা এলাকার ৮টি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে আরও একটি নতুন উপজেলা গঠন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি হবে জেলার ১৪তম এবং দেশের ৫০১তম উপজেলা।
জানা যায়, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে পাঁচবাগ, উস্থি, লংগাইর, দত্তেরবাজার, মশাখালী, নিগুয়ারি, টাংগাব ও পাইথল ইউনিয়নকে নিয়ে নতুন এ উপজেলা গঠিত হতে যাচ্ছে। নতুন এ উপজেলার মোট জনসংখ্যা হবে ২ লাখ ৩১ হাজার ৩০১ জন। আয়তন ২৩৫.৪৬ বর্গ কি.মি.।
এদিকে, নতুন এ উপজেলা গঠনের খবরে সংশ্লিষ্ট ওই এলাকায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। হাটে বাজারে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে এলাকার মানুষ।
কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএ আনসার উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি গফুর হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, আল আমিন জনি, পাগলা থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পাগলা থানা জাসাস আহ্বায়ক নাসির উদ্দিন, কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল কাদির, কান্দিপাড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আসাদুজ্জান সুজন, ব্যবসায়ি ওয়ালি উল্লাহ লিটন, বিএনপি নেতা এমদাদুল হক, চমক ফকির প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে আদর্শনগর উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাচ্চুসহ সংশ্লিষ্টদের অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









