খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে গুইমারা উপজেলা ভূমি অফিসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে গুইমারা উপজেলার ভূমিসংক্রান্ত সকল সেবা সরাসরি গুইমারা উপজেলা পরিষদে অবস্থিত উপজেলা ভূমি অফিস থেকে দেওয়া হবে।
এতদিন ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের জন্য গুইমারা উপজেলার জনগণকে তিন ভাগে বিভক্ত হয়ে মাটিরাঙ্গা, রামগড় ও লক্ষ্মীছড়ি উপজেলায় যেতে হতো। নতুন এ ব্যবস্থার ফলে এখন থেকে গুইমারার জনগণ নিজ উপজেলাতেই নামজারি, ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, ভূমি সংক্রান্ত সনদপত্র গ্রহণ, খতিয়ান ও অন্যান্য প্রশাসনিক সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। এতে সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি ভূমি সেবার গুণগত মানও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমি অফিসের কার্যক্রম চালুর বিষয়টি জনসাধারণকে অবহিত করতে ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণের সহযোগিতায় বিষয়টি সর্বস্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে গুইমারা উপজেলার ভূমিসংক্রান্ত সকল আবেদন, সেবা ও প্রশাসনিক কার্যক্রম গুইমারা উপজেলা ভূমি অফিসের মাধ্যমে সম্পন্ন হবে। ফলে ভূমি সেবা গ্রহণের জন্য উপজেলার জনগণকে আর অন্য কোনো উপজেলায় যেতে হবে না।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না বলেন, ‘‘গুইমারাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত উপজেলা ভূমি অফিসের কার্যক্রম চালু হওয়ায় জনগণের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। এখন থেকে স্থানীয় মানুষ নিজ উপজেলাতেই দ্রুত ও সহজে ভূমিসংক্রান্ত সেবা পাবেন। সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি ভূমি সেবার গুণগত মানও বৃদ্ধি পাবে। সরকারের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’’
উপজেলা ভূমি অফিসের কার্যক্রম চালুর খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, নতুন এ উদ্যোগের মাধ্যমে ভূমিসংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









