দিনাজপুরের খানসামায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পাশের আরও দুইটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
সোমবার (২৯ জুন) দিবাগত রাতে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা বাজারে আশরাফুল মেম্বারের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নীরব বাজার মুহূর্তেই আতঙ্কে পরিণত হয়; আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের ব্যবসায়ীরা নিজেদের দোকানের মালামাল সরিয়ে নিতে ছুটে যান।
স্থানীয় সূত্র জানায়, আগুনে পুড়ে যায় ব্যবসায়ী মাজহারুল ইসলাম আরমানের ক্রোকারিজের দোকান ছিল। তার জীবিকার একমাত্র ভরসা ছিল এই দোকানটি। আগুনে সবকিছু হারিয়ে তিনি এখন দিশেহারা।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, ‘‘ছেলেটির একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার অপূরণীয় ক্ষতি হলো।’’
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটির ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আবু সায়েম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, ‘‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









