খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিরস্ত্র) প্রাণতোষ বণিকের নেতৃত্বে একদল পুলিশ মেরুং বাজারের ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. মোশারফ হোসেন (৩৫), মো. হৃদয় হোসেন (২১) এবং মো. শাহিন ওরফে বাবু (২২)। তারা সবাই দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের সোবাহানপুর এলাকার বাসিন্দা।
পুলিশ উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে। মামলার তদন্তভার এসআই আলা উদ্দিনের ওপর অর্পণ করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিস্তার রোধে দীঘিনালা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী, বহনকারী কিংবা সেবনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়, সমাজের প্রতিটি সচেতন মানুষের সহযোগিতাও প্রয়োজন। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সবাইকে অনুরোধ করছি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









