ভোলার চরফ্যাশন উপজেলায় বালুভর্তি ট্রলির ধাক্কায় লিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান বাজার-শশীভূষণ আঞ্চলিক সড়কে মাদ্রাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়া চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। সে শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালে লিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। চেয়ারম্যান-শশীভূষণ আঞ্চলিক সড়কে পৌঁছালে পিছন দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলিচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে সহপাঠীরা নিহত লিয়ার মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে এবং চেয়ারম্যান-শশীভূষণ আঞ্চলিক সড়ক অবরোধ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে অবরোধ তুলে দেয়। পরে মরদেহের আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হাসান বলেন, ‘‘ছাত্রী নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









