নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইলফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার।
জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গত জুন মাসে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে নারী-পুরুষ ও শিক্ষার্থীসহ শতাধিক প্রকৃত মালিক উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের এমন জনবান্ধব উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘‘বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। বলা যায় মোবাইল মানুষের জীবনসঙ্গী ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয়েছে। অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা আরো বৃদ্ধি করবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









