ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় স্বামীকে বেঁধে রেখে ঘর থেকে স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানার কুরচাই বকুলতলা বাজারের ত্রিমোহনী-ডাকবাংলো সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাইম সরকার, মাওলানা মোস্তফা, মনোয়ারা বেগম, ফাতেমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, গণধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করে বিপাকে পড়েছেন। আসামিদের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। ধর্ষক, সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে ভুক্তভোগী পরিবার বাড়িতে থাকতে পারছেন না। বাড়ি-ঘর ছেড়ে অন্য গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছেন।
বক্তারা মামলার মূল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রশাসন যদি ধর্ষকদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে এলাকাবাসী তীব্র আন্দোলন গড়ে তুলবে।
ধর্ষিতার মা ও মামলার বাদী বলেন, ‘‘মামলা প্রত্যাহার করার জন্য চিহ্নিত আসামিসহ কয়েকজন আমার নাতীকে খুন করার হুমকি দিচ্ছে। আরো ক্ষতি করার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে বাড়ি-ভিটা ছেড়ে ৫ কিলোমিটার দূরে টাংগাব গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছি।’’
উল্লেখ্য, ১৭ জুন (বুধবার) গভীর রাতে উপজেলার কুরচাই গ্রামে গামছা দিয়ে মুখ বাঁধা ৭/৮ জন দূর্বৃত্ত ঘরে ঢুকে স্বামীর হাত-পাঁ বেঁধে গূহবধূকে ঘর থেকে প্রায় দেড়শ মিটার দূরে নিয়ে গণধর্ষণ করে। সেদিন রাতেই ভুক্তভোগীর নারীর মা বাদী হয়ে ৪ জন নামীয় ও অজ্ঞাতনামা ৪ জনসহ মোট ৮ জনকে আসামি করে পাগলা থানায় মামলা দায়ের করে। থানা পুলিশ এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









