সিলেটের বিশ্বনাথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সাথে আসামিদের আর্থিক জরিমানাও করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এর বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নূর আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বিশ্বনাথ বাসিয়া থানার শাহবাজপুর এলাকার মো. আশিক আলীর ছেলে জয়নাল (২৫) ও কান্দিরগাও এলাকার মো. মঈনুদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫)।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে ভুক্তভোগী কিশোরী তার বাড়ি থেকে নানার বাড়ি যাচ্ছিল। পথে জয়নাল ওই কিশোরীকে তার বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে একটি নির্জন বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন নাজিম উদ্দিন। এরপর জয়নাল ও নাজিম উদ্দিন ওই কিশোরীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।
ধর্ষণের পর জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে, সাহসী ওই কিশোরী কৌশলে জয়নালের মোবাইলফোন ব্যবহার করে তার মায়ের কাছে পুরো ঘটনাটি জানায়। খবর পেয়ে মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
এই ঘটনার চারদিন পর ২০১২ সালের ১ ডিসেম্বর ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই মামলার রায় দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









