চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় টার্ফে ফুটবল খেলতে গিয়ে মাথায় লোহার গোলপোস্ট পড়ে গুরুতর আহত সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
এরআগে শুক্রবার (২৬ জুন) সকালে ডলু ব্রিজের পশ্চিম পাশে একটি টার্ফে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে তার মাথায় লোহার গোলপোস্ট পড়ে।
নিহত মোহাম্মদ এনায়েত উল্লাহ সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়ার দর্জি বাদশা আলমের ছেলে।
জানা যায়, সে টার্ফে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে গোলপোস্টে ঝুলে থাকার চেষ্টা করেন। এর একপর্যায়ে গোলপোস্টটি ভেঙে তার মাথায় পড়লে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) না পাওয়ায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। আর্থিক সংকটের ফলে সেখান থেকে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন বলেন, ‘‘সে আমাদের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল। মাথায় গোলপোস্ট পড়ে আহত হওয়ার ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









