চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাপের কামড়ে মো. হাবিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকার মৃত লোকমান আলীর ছেলে।
বুধবার (১ জুলাই) ভোরে শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোরে নিজ বাড়িতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপ হাবিবুর রহমানকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব হাসান বলেন, “সকালে হাবিবুর রহমান নামে সাপে কাটা এক রোগীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ও আইনি ব্যবস্থা শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









