সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে পৌর সভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। এর মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৮৫ লাখ টাকা, ফলে বাজেটে ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
গত অর্থবছরের বাজেটের আকার ছিল ৫৪ কোটি ৮৩ লাখ টাকা। সে তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটের আকার কিছুটা কম, যা বাজেটের মোট আকারে সামান্য হ্রাসের ইঙ্গিত দেয়।
বাজেটে প্রস্তাবিত রাজস্ব তহবিলে আয় ১২ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৪৯১ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৯ কোটি টাকা। উন্নয়ন তহবিলের আয় ৪০ কোটি ৮৫ লক্ষ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮৫ লক্ষ টাকা।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুছরাত আরিফিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা কুলসুমা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









