শরীয়তপুরের জাজিরা উপজেলায় দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত হয়ে বাবা-মাকে মারধর ও পারিবারিক অশান্তি সৃষ্টি করার অভিযোগে এক যুবককে নিজের হাতে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেছেন তাঁর বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা ও মাদক উদ্ধারের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. ইমন (২০)। তিনি জাজিরা উপজেলার বিকেনগর হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা মঙ্গল বেপারীর ছেলে। জানা গেছে, ইমন দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই বাবা-মায়ের সঙ্গে চরম দুর্ব্যবহারসহ মারধর করতেন। পরিবারের সদস্যরা তাকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
অবশেষে অতিষ্ঠ হয়ে বুধবার (১ জুলাই) দুপুরে তাঁর বাবা মাদকসহ ইমনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যান। দণ্ড কার্যকরের জন্য ইতিমধ্যেই ইমনকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাদকাসক্তের বাবা মঙ্গল বেপারী বলেন, মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পারলে মাদক সেবনকারীর সংখ্যা কমে যাবে; তাঁর ছেলের মতো আর কারও সন্তান যাতে এভাবে ধ্বংস না হয়, সেজন্যই তিনি নিজে সচেতনতা ও সতর্কতার বার্তা দিতে ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









