সারা দেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও আজ সকাল ১০টা থেকে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৯৫ হাজার ৬৮ জন শিক্ষার্থী। তারা কুমিল্লাসহ ছয় জেলার ৪৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৩টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করেন।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার জন্য ১ লাখ ২২ হাজার ৪১১ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফরম পূরণ করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৫ হাজার ৬৮ জন। ফলে বিভিন্ন কারণে ২৭ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী পরীক্ষার আগেই ঝরে পড়েছে, যা শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, ‘‘এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা এবং ডিজিটাল নজরদারিসহ সব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’’
তিনি জানান, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, আইপিএসের ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার সময় সড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









