হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, নোয়াখালীর প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক এম. দিলদার উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (২ জুলাই) বাদ আসর নোয়াখালী জেলা সদরের কালিতারা বাজার সংলগ্ন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়।
এর আগে, বুধবার (১ জুলাই) দিবাগত রাতে নোয়াখালী জেলা শহরের হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম এম.দিলদার উদ্দিন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ছৈয়দিয়া বাজার এলাকার মরহুম সামছুল হক জাহাঙ্গীর মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নোয়াখালীর গুণী সাংবাদিক এম.দিলদার উদ্দিন সাংবাদিকতার পাশাপাশি হাতিয়ার ইতিহাস, সংস্কৃতি ও মানুষের কথা তুলে ধরার এক নিবেদিত প্রাণ ছিলেন। তিনি একাধারে হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক- প্রকাশক, লেখক, গল্পকার ছিলেন।
এম.দিলদার উদ্দিনের মৃত্যুতে নোয়াখালী প্রেস ক্লাব, নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন, হাতিয়া প্রেস ক্লাব, দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সাংবাদিক মোহাম্মদ সোহেল বাদশাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









