ঢাকার আশুলিয়ায় শাশুড়িকে হত্যা করে ঘটনা ধামাচাপা দিয়ে মরদেহ দাফনের অভিযোগে পুত্রবধূ মুক্তা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সখিনা বেগম (৬০) ওই এলাকার মো. মনছের আলীর স্ত্রী। গ্রেপ্তারকৃত মুক্তা আক্তার (২২) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পুত্রবধূ মুক্তা আক্তার শাশুড়ি সখিনা বেগমের গলা চেপে ধরেন। এতে ধস্তাধস্তির ঘটনা ঘটলে সখিনা বেগম গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে অসুস্থতার কথা বলে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সখিনা বেগমকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি স্বাভাবিক মৃত্যু হিসেবে উপস্থাপন করে মরদেহ বাড়িতে এনে দাফন সম্পন্ন করেন।
তবে ঘটনার পরদিন স্বামীর সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে মুক্তা আক্তার শাশুড়িকে গলা টিপে অজ্ঞান করার বিষয়টি স্বীকার করেন বলে জানা যায়। পরে নিহতের ছেলে বিষয়টি স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ মুক্তাকে আটক করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









