সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকশাচালক মুমিনুল মিয়াকে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) ভোরে মেঘনা এলাকা থেকে অভিযান চালিয়ে টনার প্রায় দেড় মাস পর শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন মিয়া উপজেলার দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে। শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় শাহিন মিয়া একটি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা আদায় করতেন।
গত ১৭ মে বিকেলে অটোরিকশাচালক মুমিনুল মিয়া তার অটোরিকশা নিয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ডে যান। এ সময় শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন। জবাবে মুমিনুল জানান, তিনি এক দফা চাঁদা আগেই দিয়েছেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে শাহিন মিয়া তার সহযোগীদের নিয়ে মুমিনুলকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে লাঠি দিয়ে মুমিনুলের মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ মে ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর শাহিন মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে মেঘনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে শাহিন মিয়াকে প্রধান আসামি করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে অটোরিকশাচালক মুমিনুল মিয়াকে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









