অসুখ হওয়ার পর চিকিৎসা দেওয়ার চেয়ে অসুখ যাতে কম হয়, সেই ব্যবস্থা করতেই সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
শুক্রবার (৩ জুলাই) সকালে লালমনিরহাট সদরের সোনালী পার্ক এলাকায় অবস্থিত ডা. সেলিমা ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে নবনির্মিত একটি আধুনিক ডায়ালাইসিস সেন্টার উদ্বোধনে এসে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “অসুখ হওয়ার পর চিকিৎসা দেওয়ার চেয়ে অসুখ যাতে কম হয়, সেই ব্যবস্থা করতেই সরকার গুরুত্ব দিচ্ছে। এজন্য সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। তাদের অধিকাংশই নারী। তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলবেন, যাতে রোগব্যাধি কমে আসে।”
তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যখাতে এবার সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতা করা হচ্ছে, যাতে মানুষ সহজে ও মানসম্মত চিকিৎসাসেবা পায়।”
সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেমী, জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এবং ডা. এবিএম মোবাশ্বের আলম।
বক্তারা বলেন, সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ দেশের বিভিন্ন জেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের মাধ্যমে কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে কাজ করছে। লালমনিরহাটে উদ্বোধন হওয়া এ কেন্দ্রটি দেশের ২৬তম ডায়ালাইসিস সেন্টার। এর ফলে লালমনিরহাটের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার কিডনি রোগীরাও স্বল্প খরচে আধুনিক ডায়ালাইসিস সেবা গ্রহণের সুযোগ পাবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









