দেশের বাজার পরিস্থিতি নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, প্রাথমিক পদক্ষেপে অতি সংবেদনশীল ৩০টি পণ্যকে এই প্রযুক্তির আওতায় এনে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত একটি বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাজারের সাম্প্রতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের একাধিক সংস্থা সক্রিয় রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘শুধু বর্তমান বাজার দর নয়, বরং পণ্যের উৎপাদন কেমন হচ্ছে, আবহাওয়ার কারণে ফলনে কী প্রভাব পড়তে পারে এবং আন্তর্জাতিক বাজারে কী পরিস্থিতি চলছে—তার সামগ্রিক পূর্বাভাস পেতে সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়কে সাথে নিয়ে একটি সমন্বিত এআই মডেল তৈরি করা হবে।’’
চলমান দুটি বৈশ্বিক যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে এক ধরনের স্থবিরতা রয়েছে এবং এর প্রভাব সমজাতীয় পণ্য উৎপাদনকারী দেশগুলোর ওপরও পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘‘দেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে, যাতে কারখানাগুলো পুরোদমে সচল থাকতে পারে।’’
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ সম্পর্কে মন্ত্রী একটি সুখবর দিয়ে জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে তার ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতালের আউটডোর সেবা চালু করার লক্ষ্য নিয়ে জনবল নির্ধারণসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি ক করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
অনুষ্ঠান শেষে মন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ছাগলের খাদ্য বিতরণ এবং প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কার্যক্রমের উদ্বোধন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









