গাজীপুর মহানগরীর পূবাইল থানার তালটিয়া এলাকায় সরকারি সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন।
শুক্রবার (৩ জুলাই) সকালে আয়োজিত এ কর্মসূচিতে মহানগরীর ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ফজলুল হক মিলন বলেন, ‘‘বর্তমান সরকারের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন এরই ধারাবাহিকতা আজ সরকারের সহায়তা অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে বিতরন করা হচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘প্রাকৃতিক দুর্যোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক চাপে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কমাতে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’’ তারা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন সরকার, সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সদস্য আসাদ হোসেন বুলবুল, সাখাওয়াত হোসেন খোকন এবং যুবদলের সদস্য সচিব আবুল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
তারা বলেন, এ ধরনের সহায়তা তাদের পরিবারের খাদ্য চাহিদা পূরণে স্বস্তি এনে দেয় এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
স্থানীয়দের মতে, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত হলে দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সামাজিক সুরক্ষা কার্যক্রমের সুফল আরও বিস্তৃত হবে। তবে তারা উপকারভোগী নির্বাচন এবং বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









