শরীয়তপুরের জাজিরা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (৩ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের কাজিরহাট–পদ্মা সেতু সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ৩০ থেকে ৫০ জন নেতা-কর্মী মিছিলে অংশ নেন। মিছিল থেকে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন, আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলীয় বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এ সময় শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামেও স্লোগান দিতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিল শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আত্মগোপনে থাকা কয়েকজন নেতা-কর্মী তাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। পরবর্তীতে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও ভিডিওটি শেয়ার করা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শরীয়তপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান আল নাজির অভিযোগ করে বলেন, “জাজিরায় এর আগেও নিষিদ্ধ ছাত্রলীগ একাধিকবার প্রকাশ্যে মিছিল করেছে। কিন্তু প্রতিবারই প্রশাসনের দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখা যায়নি। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।”
তবে ওই নেতার এ অভিযোগের বিষয়ে প্রশাসনের বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদের সঙ্গে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









