সিলেটের ওসমানীনগরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘নেসার্স ট্রাস্ট’ ও ‘এশিয়ান ইউ’কে টিভি’। সংগঠন দুটির মানবিক সহায়তার অংশ হিসেবে এবার একটি নতুন পাকা ঘর উপহার পেয়েছেন এলাকার অসহায় অ্যাম্বুলেন্স চালক মুহিবুর রহমান।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার দয়ামির ইউনিয়নের রাইকদারা মোহাম্মদপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত এই বসতঘরটি মুহিবুর রহমানের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সংগঠনটির ফাউন্ডার মেম্বার, আফগান নাগরিক আদম খানের অর্থায়নে এবং নেসার্স ট্রাস্ট ও এশিয়ান টিভি ইউকের যৌথ উদ্যোগে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। এটি তাদের ‘হাউজিং মিশন’-এর আওতায় ২৬তম ঘর হস্তান্তর।
ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমান। এতে বক্তব্য রাখেন— ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদ চৌধুরী, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, সংগঠনের বাংলাদেশ সদস্য নাজমুল ইসলাম সাইদ এবং সমাজসেবক আব্দুল আহাদ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভি প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি চলতি বছরেই তারা ২৬টি ঘর নির্মাণ করে দিয়েছে। এই মহতী উদ্যোগ সমাজের অন্য বিত্তবান ও প্রবাসীদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বাংলাদেশ সদস্য খালেদ, হামজা, সাইদ, মিলাদ, সবুজ, রুমেছ ও সামাদ। ঘর হস্তান্তর শেষে মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম আশরাফুল রহমানের পরিচালনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









