টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে নেমে শামীম মিয়া (১১) ও আফনান (১৩) নামে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়া টঙ্গীর পূর্ব আরিচপুর বউবাজার এলাকার আনিসুর রহমানের ছেলে এবং আফনান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তারা উভয়েই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে খেলাধুলা শেষে তিন বন্ধু—শামীম, আফনান ও শাকিব তুরাগ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে শামীম ও আফনান নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা শাকিব দ্রুত নদী থেকে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, খবর পাওয়ার পর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তুরাগ নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে।
টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফিরোজ বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দুই কিশোরের আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









