খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন সূত্র থেকে মধুমঙ্গল পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পানছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত গ্রুপ)-এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। সর্বশেষ এই হামলার সঙ্গে ওই বিরোধের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









