কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তড়িয়া মহলের খাজনার টাকা তোলাকে কেন্দ্র করে বালু ব্যবসায়ী নাসিরুল বিশ্বাস (৪০) গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (৫ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাসিরুল বিশ্বাস উপজেলার বাহিরচর ইউনিয়নের মৃত আবু এসপির ছেলে।
পুলিশ ও স্থানীয় বালু ব্যবসায়ীরা জানান, রবিবার সন্ধ্যা ছয়টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট এলাকায় কয়েকজন মুখোশধারী এসে তড়িয়া মহলের খাজনার টাকার ভাগ দাবি করে। সে সময় বালু ব্যবসায়ী আলম তাদের জানান তিনি অন্য গ্রুপকে খাজনার টাকা দিয়ে দিয়েছেন। খাজনার ভাগ নিয়ে তারা কোনো ঝামেলা না করে নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে নিতে।
বালু ব্যবসায়ী আলম জানান, মুখোশধারী গ্রুপের সাথে অপর গ্রুপের সদস্য নাসিরুল বিশ্বাস ও রাজ্জাক তর্কে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর দু'গ্রুপের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নাসিরুল দৌড় দিলে মুখোশধারীরা পেছন থেকে গুলি করে। একটি গুলি তার পায়ে এবং অপরটি পিঠে গিয়ে লাগে। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ঘটনার সাথে জড়িত উভয় পক্ষই একই রাজনৈতিক দলের সক্রিয় কর্মী।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কল্লোল সাহা জানান, গুলিবিদ্ধ নাসিরুলের পায়ের গুলিটি বের করা সম্ভব হলেও পিঠের গুলিটি বের করা যায়নি। উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষ অবস্থায় তাকে রেফার্ড করা হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান বলেন, তড়িয়া মহলের খাজনাকে কেন্দ্র করে বালু ব্যবসায়ী নাসিরুল গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ আসলে মামলা নেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









