শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে ডুবে জুনায়েদ রাড়ী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার পালেরচর ইউনিয়নের সর্দারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ওই গ্রামের রানা রাড়ীর ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) সকালে জুনায়েদের মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জুনায়েদ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের আগে থেকে খোঁড়া একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্তের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্বজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
গুরুতর অবস্থায় দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা শাহ আলম রাড়ী বলেন, “জুনায়েদ খুবই চঞ্চল স্বভাবের ছিল। সকালে খেলতে খেলতে কখন যে গর্তের পানিতে পড়ে গেছে, কেউ টের পায়নি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। এই শোক আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।”
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে তার শরীরে কোনো প্রাণের স্পন্দন পাওয়া যায়নি। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, বাড়ির আশপাশে খোঁড়া গর্তগুলো দ্রুত ভরাট করা এবং এমন ঝুঁকিপূর্ণ স্থান নিরাপদ করার উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









