কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরু বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এছাড়াও ঘটনাস্থলেই প্রাণ গেছে সাতটি গরুরও।
সোমবার (৬ জুলাই) দুপুর তিনটায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার সংলগ্ন এগারসিন্দুর হিমাগার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিল্লাল (৩৫), আবু সাইদ খুরশিদ (৩৯), আব্দুস ছোবান খোকন (৩৯)। নিহত সবাই নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঢাকা থেকে কিশোরগঞ্জ অভিমুখী ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনটি সুখিয়া এগারসিন্দুর হিমাগার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুভর্তি পিকআপ ভ্যানকে সরাসরি চাপা দেয়। সংঘর্ষ এতই তীব্র ছিল যে, পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সেটির ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি বাস আর পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পিকআপের ভেতর কয়েকজন চাপা পড়ে ছিলেন। আমরা দ্রুত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, 'পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









