বান্দরবানে টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানছি উপজেলা সদরের সঙ্গে দুর্গম তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের নৌযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের বাসিন্দারা উপজেলা সদরে যাতায়াত করতে পারছেন না।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানিয়েছেন, সাঙ্গু নদীর তীব্র স্রোত, পাহাড়ধসের ঝুঁকি আশঙ্কা তৈরি হয়েছে। ফলে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থানচির সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও জানান, আবহাওয়ার উন্নতি এবং ঝুঁকি কেটে গেলে পর্যটনকেন্দ্রগুলো পুনরায় ভ্রমণের জন্য উন্মুক্ত করা হবে।
এ দিকে, টানা বৃষ্টির কারণে বান্দরবান-থানছি সড়কের নীলগিরি এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ধসে পড়া মাটি অপসারণ করে সড়কটি চলাচলের উপযোগী করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









