পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন, প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে দেশ সবুজে সমৃদ্ধ হবে।
শনিবার (৪ জুলাই) বিকেল ৩টায় জৈন্তা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। রোপণকৃত চারাগুলো জাতীয় পুরস্কারপ্রাপ্ত 'সুগন্ধা নার্সারী'র সৌজন্যে প্রদান করা হয়।
মাওলানা হাবিবুর রহমান তাঁর বক্তব্যে নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, "একজন শিক্ষিত মা একটি সমৃদ্ধ জাতি গঠন করতে পারে।" জৈন্তা জামেয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসাকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও প্রকৃতিপ্রেম জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে বেশি বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ জয়নাল আবেদিন, সহকারী সেক্রেটারী মাসুক আহমদ, সিলেট জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারী ডাঃ মোঃ জাকারিয়া, জৈন্তা জামেয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার সভাপতি মাওলানা আব্দুল খালিক, সদস্য নুরুল ইসলাম, আলতাফুর রহমান, আব্দুস শুকুর, দেলওয়ার হোসেন, জসিম উদ্দিন, নুর আহমদ, হোসেইন আহমদ এবং মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাদিক আহমদ প্রমুখ। বৃক্ষরোপণ শেষে নেতৃবৃন্দ মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন ও পাঠদান পদ্ধতি নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









