গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় সচেতন নাগরিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে তারা মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোছা. দিনারা বেগম নিজের একক সিদ্ধান্তে ও অনিয়মের মাধ্যমে সম্প্রতি ম্যানেজিং কমিটি গঠন করেছেন। অবৈধভাবে গঠিত এই কমিটিতে প্রধান শিক্ষকের নিজেরই ছয়জন নিকটাত্মীয়কে স্থান দেওয়া হয়েছে, যারা প্রত্যেকেই একই গ্রামের বাসিন্দা। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. মাইদুল ইসলাম নামের স্থানীয় এক যুবক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোছা. দিনারা বেগম বিস্তারিত কিছু না বলে জানান, তাঁর বিরুদ্ধে কোনো অনিয়ম বা স্বেচ্ছাচারিতার প্রমাণ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে যেন অভিযোগ করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) মুকুল চন্দ্র বর্মন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) নুর মোহাম্মদ জানান, তিনি এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









