চট্টগ্রাম নগর ও পাশের উপজেলায় পৃথক পাহাড়ধসের ঘটনায় দু-শিশু নিহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. আশরাফুল ইসলাম তানভীর। সে মহিন উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে গুরুতর আহত হয় শিশু তানভীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বলেন, টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। তিনি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান।
অপর দিকে নগরের পাঁচলাইশ থানাধীন চশমা পাহাড় এলাকার পাহাড়ধসে মাটিচাপা পড়ে সুমাইয়া (১২) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। সুমাইয়া ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।
বুধবার (৮ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহ ইমরান বলেন, ‘‘দুপুর পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার সময় ঘরে থাকা সুমাইয়ার মা-বাবা বের হয়ে যেতে সক্ষম হন। তবে পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। পরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









