মাদারীপুর জেলার শিবচরের পদ্মা পাড়ের মানুষের জীবন-সংগ্রাম, বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হলো বিশেষ মাঠ মহড়া।
বুধবার (৮ জুলাই) সকালে জেলার শিবচরের কাঁঠাল ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন বাংলাবাজার এলাকার একটি মাঠে "পদ্মা পাড়ের জীবন যুদ্ধ" শীর্ষক এই মাঠ মহড়ায় তুলে ধরা হয় আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সামাজিক সুরক্ষা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলার নানা কৌশল।
ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং এসডিএস-এর বাস্তবায়নে অনুষ্ঠিত মহড়ায় কাঁঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাঈদ ব্যাপারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। এছাড়াও ফায়ার সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং এসডিএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,'পদ্মানদী তীরবর্তী এলাকার মানুষের প্রতি বছর বন্যা, নদীভাঙন ও জলবায়ুজনিত নানা দুর্যোগের মুখোমুখি হতে হয়। এসব দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে প্রশিক্ষিত ও সচেতন করে তোলার বিকল্প নেই। দুর্যোগের আগাম বার্তা যথাযথভাবে অনুসরণ এবং স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।'
মাঠ মহড়ায় বিভিন্ন দুর্যোগ পরিস্থিতির প্রতীকী উপস্থাপনার মাধ্যমে উদ্ধার কার্যক্রম, নিরাপদ আশ্রয়ে গমন, জরুরি সেবার সমন্বয় এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন সংস্থার ভূমিকা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, নারী-পুরুষ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









