ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আবেদন করা যোগ্য শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।
অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন। এটি তার প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সিএএর আওতায় যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা সংগ্রাহক বা ডিস্ট্রিক্ট কালেক্টরকে ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সব শরণার্থীকে সম্মানের সঙ্গে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা সংগ্রাহকদের সিএএর অধীনে বিচারাধীন আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেয়।
জনসভায় তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন অমিত শাহ। তিনি বলেন, সিএএ চালুর সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে উপহাস করেছিলেন। আইনটি কার্যকর করতে তিনি ও তার সরকার রাজি ছিলেন না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় পশ্চিমবঙ্গ সরকার সব ‘অনুপ্রবেশকারীকে’ চিহ্নিত করে রাজ্য থেকে বহিষ্কার করবে বলেও সতর্ক করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









