সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস(৪৭) ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২২ আগষ্ট) সকালে মৃত্যুবরণ করেন।
শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের নিরাপদ বিশ্বাসের পুত্র সুপদ বিশ্বাস। তিনি বেশ কিছু দিন যাবত গ্যাস,কিডনি/লিভার জটিলতার কারণে অসুস্থ হয়ে প্রথমে শ্যামনগর সরকারি হাসপাতাল, পর সাতক্ষীরা সদর হাসপাতাল, এরপর খুলনা একটি বেসরকারী ক্লিনিকে ও সর্বশেষ ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু কন্যা সন্তান রেখে গেছেন। বড় কন্যা এইচএসসিতে অধ্যায়নরত ও ছোট কন্যা ৫ম শ্রেণির ছাত্রী।
চাকুরীর সুবাদে তিনি উপজেলা সদরের বাদঘাটা এলাকায় জমি ক্রয় করে বাড়ী তৈরী করে বসবাস করতেন। তিনি দীঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি কবিতা, গল্প ও সাহিত্য চর্চা করতেন। তার অনেক লেখা বাংলা একাডেমিসহ স্থানীয়, জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ হয়েছে। বেশ কিছু বই প্রকাশ করেছেন।
শিক্ষকতা জীবনে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, সুপদ বিশ্বাসের মরদেহ রবিবার সকালে বিদ্যালয়ে আনা হবে সেখানে সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা পুষ্প অর্পণ করবেন।
তার মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলার শিক্ষক পরিবার, কবি, সাহিত্যিকবৃন্দ শোক জ্ঞাপন করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









