শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবির হোসেন অসুস্থ হয়ে মারা গেছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুরের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
নিহত মো. আবির হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। তিনি নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন শরীয়তপুরের পালং মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিবার ও নড়িয়া সার্কেল অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুই দিনের ছুটি নিয়ে নিজ বাড়ি ফরিদপুরে যান আবির হোসেন। রোববার তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। বাড়িতে বিদ্যুতের কাজ চলমান থাকায় শনিবার দুপুরে কাজের অবস্থা দেখতে ছাদে যান তিনি।
এ সময় বাড়ির এক মিস্ত্রি বিদ্যুতায়িত হলে ঘটনাটি দেখে আবির হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি স্ট্রোক করেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
নিহতের এক বোন বলেন, ‘আমার ভাই বাড়িতে একাই ছিলেন। বাড়িতে বিদ্যুতের কাজ চলছিল। কাজ দেখতে তিনি ছাদে যান। এ সময় একজন মিস্ত্রি বিদ্যুতায়িত হলে সেটি দেখে আমার ভাই সঙ্গে সঙ্গে স্ট্রোক করেন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, ‘তিনি দুই দিনের ছুটি নিয়ে ফরিদপুরের নিজ বাড়িতে গিয়েছিলেন। আগামীকাল তার কর্মস্থলে ফেরার কথা ছিল। কিন্তু আজ দুপুরে তার মৃত্যুর সংবাদ পেয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমরা জানতে পেরেছি, তিনি আগে থেকেই হার্টের রোগী ছিলেন। তার মৃত্যুতে নড়িয়া সার্কেল অফিস গভীরভাবে মর্মাহত। আমরা সবসময় তার পরিবারের পাশে থাকব।’
সহকর্মীরা জানান, মো. আবির হোসেন দায়িত্বশীল ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মস্থলে সুনাম অর্জন করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









