মৌলভীবাজারের কুলাউড়ায় টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে উপজেলার নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কোথাও মুষলধারে, আবার কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার নদ-নদীর পানিও ক্রমাগত বাড়ছে।
সরেজমিনে কুলাউড়ার রাজাপুর, ছইদল বাজার, আলীনগর, শরীফপুর, কটারকোনা ও আশপাশের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে মনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বাড়তে থাকায় তীরবর্তী এলাকার বাসিন্দারা সম্ভাব্য বন্যার শঙ্কায় দিন কাটাচ্ছেন।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, আগামী সময়েও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, “বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।”
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদ জানান, টানা বৃষ্টির কারণে মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মনু নদীর পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ২২৫ সেন্টিমিটার এবং চাঁদনীঘাট পয়েন্টে ১৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি বিপৎসীমার ১৫৪ সেন্টিমিটার নিচে, কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ৯৪ সেন্টিমিটার নিচে এবং জুড়ি নদীর পানি ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









