ঝালকাঠিতে যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ঝালকাঠি যুব ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল্লাহ আল আমীন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোফাজ্জেল হোসেন, সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসাইন এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে দেশের অন্যতম প্রধান শক্তিতে রূপান্তর করতে সরকার দেশব্যাপী বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। এই ধরণের কারিগরি ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা সামগ্রিকভাবে দেশের বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে এই কর্মসূচির আওতায় দুই শতাধিক যুবক ও যুবতিকে কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কোর্সের মধ্যে রয়েছে— গবাদি পশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স এবং পোশাক তৈরি।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষণ নিতে আসা স্থানীয় তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









