নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তির দ্বন্দ্বে দু পক্ষের সংঘর্ষে কম্বোডিয়া থেকে ছুটিতে আসা সিয়াম (২৬) নামে এক প্রবাসী যুবক নিহত ও ৭ জন আহত হয়েছে।
বুধবার ( ৮ জুলাই) বিকেল ৪টায় সংঘর্ষে সিয়ামসহ ৮ জন গুরুতর আহত হলে বৃহষ্পতিবার সকালে ঢাকার বেসরকারী পপুলার হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় সিয়ামের মৃত্যু হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদী মধ্যপাড়া এলাকায়।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ওই গ্রামের মোক্তার হোসেন ও ব্রাহ্মন্দী ইউনিয়নের মতিনের মধ্যে দীর্ঘ দিন ধরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব বিরাজ করছিল।
বুধবার বিকেল ৪টায় ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ডাক্তারের সভাপতিত্বে তপনের বাড়ীর পাশে শালিসী বৈঠক বসে। বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে মতিনের লোক দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা মোক্তারের লোকজনদের উপর হামলা করে। এতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ হলে সিয়ামসহ উভয় পক্ষের কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়।
আশংকাজনক অবস্থায় সিয়ামকে ঢাকায় পাঠানো হলে পপুলার হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় বৃহষ্পতিবার সকাল ১১টায় সিয়ামের মৃত্যু হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ডাক্তার জানান, আমরা বিকাল ৪টায় তপনের বাড়ীর পাশে বৈঠক শেষে সীমানা নির্ধারণ করে দিয়ে আসার পর সন্ধ্যার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









