বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি তৈরির দাবি করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তার দাবি, নতুন এই গাড়িতে ব্যবহার করা হয়েছে তার মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের রকেট প্রযুক্তি। এর মাধ্যমে গাড়িটি কার্যত রকেটের মতো আকাশে উড়তে পারবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের রকেট উন্নয়ন ও পরীক্ষাকেন্দ্রেটেসলার নতুন মডেল রোডস্টার ২-এর প্রদর্শনী করেন মাস্ক। তিনি জানান, গাড়িটি ঘণ্টায় শূন্য থেকে ৬০ মাইল (প্রায় ৯৭ কিলোমিটার) গতিতে পৌঁছাতে এক সেকেন্ডেরও কম সময় নিতে পারে। এতে রয়েছে বিশেষ থ্রাস্টার, যা গাড়িটিকে আকাশে উঠতে এবং বিভিন্ন কৌশল দেখাতে সাহায্য করে।
অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, রিমোট কন্ট্রোলের সাহায্যে গাড়িটি একটি বাঁকানো র্যাম্প বেয়ে ওপরে উঠছে। এরপর বিশেষ প্রযুক্তির সাহায্যে উল্টো অবস্থায় র্যাম্পের সঙ্গে আটকে থাকে গাড়িটি। পরে থ্রাস্টার ব্যবহার করে সেটি শূন্যে ডিগবাজি খেয়ে আবার অবতরণ করে।
মাস্ক জানান, দুর্ঘটনা এড়াতে গাড়িটি দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। তার ভাষায়, ‘যাতে কাউকে মেরে না ফেলি, তা নিশ্চিত করতেই গাড়িটি রিমোট কন্ট্রোলে চালানো হয়েছে।’

প্রদর্শনীর আরেকটি অংশে দেখা যায়, থ্রাস্টারের সাহায্যে টেসলার পুরোনো কয়েকটি গাড়ির সারির ওপর দিয়ে লাফিয়ে যায় রোডস্টার ২। এরপর দ্রুত গতি বাড়িয়ে ঘণ্টায় ৬০ মাইল বেগে পৌঁছায় গাড়িটি।
প্রদর্শনীর ভিডিও প্রকাশ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লেখেন, ‘দেখা যাচ্ছে, ভবিষ্যতে সত্যিই উড়ন্ত গাড়ি থাকবে।’
গাড়িটি সব জায়গায় চালানোর অনুমতি পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন মাস্ক। তিনি বলেন, সব অঞ্চলে এটি চালানো আইনসম্মত না-ও হতে পারে। তাঁর মতে, গাড়িটির প্রোটোটাইপকে সর্বোচ্চ নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়নি; বরং এতে রোমাঞ্চকর অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
২০২৮ সালে উৎপাদনের পরিকল্পনা
এর আগে ২০১৪ সালে উড়ন্ত গাড়ির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন মাস্ক। তবে ২০১৭ সালে তিনি রোডস্টার ২ তৈরির পরিকল্পনা ঘোষণা করেন। গাড়িটি ২০২৮ সালে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। এর দাম ২ লাখ ডলারের বেশি হতে পারে, যা ব্রিটিশ মুদ্রায় প্রায় ১ লাখ ৫০ হাজার পাউন্ড।

মাস্কের লক্ষ্য, বৈদ্যুতিক এই স্পোর্টস কারের মাধ্যমে প্রচলিত পেট্রলচালিত গাড়িকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলা।
প্রদর্শনীর পর রোডস্টার ২-এর জন্য আগ্রহীদের নাম নিবন্ধনের একটি ওয়েবসাইট চালু করে টেসলা। সেখানে গাড়িটির দুই আসনের সংস্করণের বিভিন্ন বিকল্পের কথা জানানো হয়। ‘পারফরম্যান্স’ সংস্করণ বুক করতে ৫০ হাজার পাউন্ড জমা দিতে হবে। অন্যদিকে ‘থ্রাস্ট’ সংস্করণের জন্য অগ্রিম জমার পরিমাণ ২ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়া ‘রকেট’ নামে এক আসনের একটি সংস্করণের কথাও উল্লেখ করা হয়েছে, যাতে থাকবে পূর্ণাঙ্গ উড্ডয়নব্যবস্থা। তবে এই সংস্করণটি কেবল আমন্ত্রণের মাধ্যমে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
টেসলা আরও জানিয়েছে, উড়ন্ত গাড়িটি জনসাধারণের ব্যবহারের সড়কে ওড়ানোর অনুমতি নেই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









