ইউক্রেনের দক্ষিণাঞ্চলের রুশ নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরে বেসামরিক নাগরিকদের জন্য ত্রাণ পাঠাতে ভ্যাটিকানের উদ্যোগে সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে সহযোগিতা করতেও সম্মত হয়েছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) পোপ চতুর্দশ লিওর সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন এ সমর্থন জানান বলে জানিয়েছে ক্রেমলিন।
এর আগে শুক্রবার ভ্যাটিকান জানায়, ওলেশকিতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও খাদ্য প্রবেশের সুযোগ দিতে পুতিনের প্রতি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ লিও। পাশাপাশি শহরটির বেসামরিক নাগরিকদের স্বেচ্ছায় নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দেওয়ার কথাও বলেছেন তিনি।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, শহরটির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জন্য জরুরি সরবরাহ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে ভ্যাটিকানের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন পুতিন। এ বিষয়ে সহযোগিতার ব্যাপারেও দুই পক্ষের মধ্যে সম্মতি হয়েছে।
ওলেশকির বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছানোর পথে বাধা দেওয়ার জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দায়ী করে আসছে। শহরটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও সেটি পুনর্দখলের চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।
যুদ্ধের মধ্যে আটকে পড়া বেসামরিক নাগরিকদের কাছে খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছানো এবং তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভ্যাটিকানের এই উদ্যোগে রাশিয়ার সম্মতি বাস্তবে কতটা সহায়তা নিয়ে আসে, তা এখন দেখার বিষয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









