পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের কলবাড়ি সংলগ্ন খালের ওপর নির্মাণাধীন একটি আইরন ব্রিজ নির্মাণে নিয়ম না মানা এবং পুরাতন বিম ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদের বরাদ্দে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নিম্নমান ও পুরাতন সামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজ নির্মাণের দায়িত্ব পান কলাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম কাজী। তবে কাজ শুরুর পর থেকেই প্রকল্পের নিয়ম অনুযায়ী নির্মাণকাজ না করার অভিযোগ ওঠে।
স্থানীয় বাসিন্দা হাবিব শেখ অভিযোগ করে বলেন, ‘‘নিয়ম অনুযায়ী ব্রিজের স্লাবে ৫টি রড ব্যবহারের কথা থাকলেও সেখানে ৪টি রড ব্যবহার করা হচ্ছে। এছাড়া ৩ সুতা রডের পরিবর্তে ২.৫ সুতা রড ব্যবহার করা হয়েছে। নতুন বিমের পরিবর্তে পুরাতন বিম ব্যবহার করে ব্রিজ নির্মাণ করা হচ্ছে।’’
স্থানীয় যুবদল নেতা রিপন হাওলাদার বলেন, “আমরা সরকারি অর্থের সঠিক ব্যবহার চাই। কোনো অনিয়ম নয়, স্টিমেট অনুযায়ী ব্রিজ নির্মাণ করা হোক। জনগণের টাকায় বাস্তবায়িত প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাটি তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্রিজ নির্মাণ এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার ও ইউপি সদস্য মাসুম কাজী বলেন, “ব্রিজের কাজ সম্পূর্ণ স্টিমেট অনুযায়ী করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম করা হয়নি।”
কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম (মিস্টার) বলেন, “ব্রিজ নির্মাণে অনিয়মের বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী রাসেল বলেন, “আমি আইরন ব্রিজ নির্মাণস্থল পরিদর্শন করেছি। নিয়ম অনুযায়ী কাজ না হওয়ার বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করেছি। বর্তমানে কাজটি বন্ধ রয়েছে এবং নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, “এটি ইউনিয়ন পরিষদের বরাদ্দের অর্থে বাস্তবায়নাধীন একটি প্রকল্প। অনিয়মের অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









