তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘‘একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদান বা পরীক্ষা গ্রহণের স্থান নয়, বরং একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। শিক্ষা প্রতিষ্ঠানই জ্ঞানের বাতিঘর, আর শিক্ষক সমাজ সেই বাতিঘর থেকে ছড়িয়ে পড়া আলোর পথপ্রদর্শক। শিক্ষকদের জ্ঞান, অভিজ্ঞতা ও আদর্শই একটি উন্নত, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনের প্রধান চালিকাশক্তি।’’
শনিবার (১১ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
আলোচনা সভায় মন্ত্রী বলেন, ‘‘একটি জাতিকে এগিয়ে নিতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’’
তিনি বলেন, ‘‘শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়; বরং এমন মানুষ তৈরি করা, যারা সততা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি নিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে।’’
বর্তমান শিক্ষা ব্যবস্থায় ফলাফল ও গ্রেডকেন্দ্রিক প্রতিযোগিতার সমালোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘‘শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় কিংবা বিভিন্ন গ্রেডের ভিত্তিতে মূল্যায়ন করতে গিয়ে অনেক সময় তাদের ওপর অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করা হয়। এতে সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।’’
তিনি বলেন, ‘‘প্রকৃত শিক্ষা হলো মুক্তচিন্তার শিক্ষা। প্রতিটি শিক্ষার্থীর ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পাঠ্যবইভিত্তিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিকতা এবং সামাজিক মূল্যবোধের চর্চা সমান গুরুত্বের সঙ্গে এগিয়ে নিতে হবে।’’
মন্ত্রী আরও বলেন, ‘‘শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা একজন শিক্ষার্থীকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণ, সহনশীলতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তাই শিক্ষাজীবনের সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয় ঘটাতে হবে।’’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘‘নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন চারতলা একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে। এটি এলাকার শিক্ষা বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল ছত্তার মৃধা এবং পরিচালনা পর্ষদের সদস্য আল মামুন স্বপন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









