ঢাকার ধামরাই উপজেলার ডাউটিয়া এলাকায় অবস্থিত প্রতীক সিরামিকস লিমিটেডের বিরুদ্ধে প্রচারিত গ্যাস চুরির অভিযোগকে ‘ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১১ জুলাই) প্রতীক সিরামিকস লিমিটেড কারখানার প্রধান ফটকে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতীক সিরামিকস লিমিটেডের বিরুদ্ধে গ্যাস চুরির যে অভিযোগ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। একটি স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরো বলেন, শতভাগ রপ্তানিমুখী এ শিল্পপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রা অর্জন, শিল্পখাতের উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ ধরনের অপপ্রচার প্রতিষ্ঠানটির পাশাপাশি শত শত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের জীবন-জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিল্পপ্রতিষ্ঠান, শ্রমিক ও স্থানীয় জনগণের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে প্রতীক সিরামিকস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









