ডেকলান রাইস ও মার্টিন ওডেগার্ড—আর্সেনালের দুই সতীর্থ। তবে শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বন্ধু থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নামবেন তারা। ইংল্যান্ড ও নরওয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে জাতীয় দলের জার্সিতে মুখোমুখি হবেন দুই আর্সেনাল তারকা।
আর্সেনালে গত তিন মৌসুম ধরে একসঙ্গে খেলছেন ওডেগার্ড ও রাইস। ওডেগার্ড ২০২১ সালে এবং রাইস ২০২৩ সালে এমিরেটস স্টেডিয়ামে যোগ দেন। ক্লাব ফুটবলে তাদের মধ্যে দারুণ বোঝাপড়া থাকলেও জাতীয় দলের হয়ে আজকের লড়াই হবে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়।
তবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগে দুই দলই পড়েছে স্বাস্থ্যগত সমস্যায়। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রণ ও তীব্র গরমের কারণে সর্দি-কাশি ও ফ্লুজনিত ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
ঘামভেজা শরীর নিয়ে বারবার গরম পরিবেশ থেকে ঠান্ডা পরিবেশে যাতায়াতের ফলে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে অসুস্থতা ছড়িয়ে পড়েছে। এএস স্পোর্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইংল্যান্ড শিবিরে রাইস গত কয়েক দিন অনুশীলন করতে পারেননি। সংক্রমণ যাতে সতীর্থদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সে কারণে তাকে আলাদা রাখা হয়েছে। ম্যাচে তার খেলা নির্ভর করবে শারীরিক অবস্থার উন্নতির ওপর। তবে ম্যাচের গুরুত্ব বিবেচনায় তাকে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি হ্যামস্ট্রিং ও কোমরের নিচের অংশের সমস্যাতেও ভুগছেন এই মিডফিল্ডার।
অন্যদিকে নরওয়ের পরিস্থিতি আরও উদ্বেগজনক। কোচ স্টলে সলবাক্কেন জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফসহ প্রায় ৫০ জন কাশি, জ্বর ও ক্লান্তির মতো উপসর্গে আক্রান্ত হয়েছেন। তাপমাত্রার আকস্মিক পরিবর্তন ও অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রণকেই এর প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। এ কারণে স্ট্রান্ড লারসেন ও পেডারসেনকে দলের বাইরে থাকতে হয়েছে।
তবে নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড পরিস্থিতি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘বারবার গরম পরিবেশ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে যাতায়াত করলে এমনটা হওয়া স্বাভাবিক। বিষয়টি খুব গুরুতর নয়। কয়েকজন কিছুটা অসুস্থ বোধ করছে, তবে বড় কোনো সমস্যা নেই। আশা করছি, ম্যাচের আগেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









