নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা মিছিল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানানো হয়েছে—এমন দাবির পর ইরানকে পাল্টা হুমকি দিয়েছেন ট্রাম্প।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান সরকার যদি তাকে হত্যার হুমকিতে বাস্তবে কোনো পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।
তিনি লিখেছেন, ‘বিশ্বের বিভিন্ন স্থানে উচ্চারিত এই হুমকি যদি বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে এক হাজার মিসাইল প্রস্তুত রাখা হয়েছে এবং সেগুলো ইসলামিক রিপাবলিক অব ইরানের দিকে লক্ষ্য করে রাখা হয়েছে। এর পর আরও হাজার হাজার মিসাইল তাৎক্ষণিকভাবে প্রস্তুত থাকবে।’
ট্রাম্প আরও বলেন, ‘ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে এবং মার্কিন সামরিক বাহিনী এক বছরের মধ্যে (প্রয়োজনে সময় বাড়িয়ে) ইরানের সব এলাকাকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।’
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ট্রাম্পকে হত্যার একটি নতুন ও সুনির্দিষ্ট ইরানি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছে।
সিএনএনকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী, নতুন ইসরায়েলি গোয়েন্দা তথ্যে একটি সক্রিয় ও নির্দিষ্ট পরিকল্পনার বিস্তারিত বিবরণ রয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালও এই হুমকিকে নতুন বলে উল্লেখ করেছে।
২০২০ সাল থেকেই তেহরান ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে। ওই বছর ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









